শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে মো. তহুরুল মোল্লা ওরফে তরি (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তরি খড়ের দাঁইড় গ্রামের মো. আয়েজ উদ্দিন মোল্লার ছেলে। বুধবার (১৫ জুলাই) তাকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ এবং ওই শিশু কন্যার পরিবার সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি সুতানদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই এলাকার বখাটে যুবক তহুরুল মোল্লা তরি দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল এবং আজেবাজে কথা বলত। বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবগত করেন। তবে তরি বা তার পরিবারের কেউ এতে কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হুমকি-ধামকি প্রদর্শন করে। গত রোববার বিকেল ৪টার পরে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তহুরুল ওই শিশুর পথরোধ করে। এরপর প্রকাশ্যে তাকে জোরপূর্বক জাপটে ধরে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে এবং তার পরিধেয় পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলে দাকে নানাভাবে যৌন নিপীড়ন চালায়।

শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার বাবা-মা এবং স্থানীয়দের নিকট এ ঘটনা জানায়। তাৎক্ষনিকভাবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী মোছা. আছিয়া খাতুন ও মাহফুজা আক্তার মিমি জানান, হঠাৎ শিশুটির সঙ্গে প্রকাশ্যে বখাটে ওই যুবক এমন ধ্বস্তাধ্বস্তি ও তার গায়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলার এ ঘটনায় তারা হতভম্ব হয়েছেন। এলাকার লোকজন এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ জানায়। লোকজন বিক্ষুব্ধ হয়ে এগিয়ে এলে সে পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, অভিযোগ প্রাপ্তির পর পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পরে অভিযুক্ত তহুরুল মোল্লাকে গ্রেপ্তার করে পাবনা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।