জলাবদ্ধতায় বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দূর্ভোগ
গত কয়েক দিনের বৃষ্টিতে বনপাড়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিভিন্ন সমস্যায় হাবুডুবু খাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমা হয়ে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম ও ছাত্র অভিভাবক আলহাজ¦ অব্দুল গফুর জানান, বিদ্যালয় মাঠের দক্ষিণ ও পূর্ব পার্শ্ব দিয়ে পানি নিষ্কাসনের জন্য ইতোপূর্বে ড্রেন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু তা সংস্কারের অভাবে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা খেলাধুলা, সমাবেশ, যাতায়াত সহ বিভিন্ন সমস্যায় পতিত হয়। মাঠের পশ্চিম পার্শ্বে বিদ্যালয় ভবনের সামনে দিয়ে প্রায় দুই ফুট উঁচু করে যে রাস্তা নির্মাণ করা হয়েছে, সে রাস্তা দিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ও অফিসে যাতায়াত করে। এ দুর্ভোগ লাঘবের জন্য ড্রেণটি সংস্কার অথবা স্কুল মাঠ ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।