শনিবার, আগস্ট ২২, ২০২৬

অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই: আইজিপি

পুলিশের আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, অপরাধ মোকাবেলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, প্রতিনিয়ত আপডেট হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিক এর মত জ্ঞান অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ এখন আমদের জন্য বড় চ্যালেঞ্জ।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের উর্ধ্বে থেকে মামলা তদন্ত, সকল শ্রেণীপেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের নবীন সদস্যদের উদ্দেশ্য করে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আচরণ দ্বারা প্রতিনিয়ত প্রমাণ দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা হবে বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান, সাইফুল ইসলাম, তৌকির আহমেদ, আশরাফুল ইসলাম এবং কামরান শেখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান।

২০২৫ সালের জুলাই মাসে ৪২ তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণ শুরু করেছিলেন ৫২৭ জন। এরমধ্যে ২৭ বিভিন্ন কারণে বাদ পড়েছেন। এসব প্রশিক্ষনার্থীরা মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।