নাটোরে জুলাই শহিদ দিবস পালিত
নাটোরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর সামাদ শিশিরসহ শহিদ পরিবারের সদস্যরা।