ঈশ্বরদীতে পাবনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলওয়ে ও ইউএনও কার্যালয়ে মানববন্ধন
পাবনা থেকে মাঝগ্রাম হয়ে ঢাকাগামী পাবনা-ঢাকা রুটে নতুন আন্ত:নগর ট্রেন ‘পাবনা এক্সপ্রেস’ এর ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, রেলওয়ের মাহাপরিচালক ও যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ঈশ্বরদীর নাগরিক সমাজ। সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর প্রেরিত স্মারকলিপি বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলমকে এবং ১২টায় যোগাযোগ মন্ত্রণালয়ে প্রেরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব এর নিকট হস্তান্তর করা হয়। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মোশারেফ হোসেন ভূইঁয়ার নিকট এবং ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইবের নিকট ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি হস্তান্তর করেন নাগরিকরা। নাগরিক জোটের আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ ও সদস্য সচিব আশিকুর রহমান লুলুসহ জোটের সদস্য ও ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে পাক্শী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও পথসমাবেশে নাগরিক জোটের আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু, বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু, সমাজকর্মী আতাউর রহমান পাতা, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সাঈফ হাসান সেলিম, আকরাম রায়হান বাবু, পাকশী বিভাগীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার সোহেল রানা প্রমুখ। কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক, সমাজকর্মী ও সুশিল সমাজের শতাধিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী থেকে ঢাকাগামী একাধিক ট্রেন রুট পরিবর্তন করে চলাচল করায় ঈশ্বরদীবাসী রেলের সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন। নতুন ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে যাত্রাবিরতি করা না হলে ঈশ্বরদীবাসী আরো বঞ্চিত হবে। ঈশ্বরদীবাসীর দাবি পাবনা এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে যাত্রা বিরতি না দিলে ঈশ্বরদীতে রেল যোগাযোগ বন্ধসহ আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুসিয়ারি দেন।
স্মারকলিপি গ্রহণ করে বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মোশারেফ হোসেন ভূইঁয়া বলেন, ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের লিখিত স্মারকলিপি রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষকে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ রেল কর্তপক্ষ গ্রহণ করবেন। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, নিয়ম অনুযায়ী ঈশ্বরদীবাসীর এ দাবির প্রতি যথাযথ সম্মান জানিয়ে স্মারকলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেঁছে দেওয়া হবে।