পবায় দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ
পবা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সংগঠনের নিজস্ব দলিল লেখক সেডে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এ সময় সমিতির সদস্য, প্রবীণ দলিল লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক আনারুল ইসলাম আবু।
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মেহেদী হাসান মৃধা (সাল্লিম)। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম ও মো. আশরাফুজ্জামান সোহাগ। এছাড়া অনুষ্ঠানে সমিতির সদস্য খোন্দকার কাউছার আলী, মাহাবুর রহমান রবি এবং সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে শপথ নেন এস এম আয়নাল হক। সহসভাপতি পদে শপথ নেন মো. নুরুন্নবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহা. আমিনুল হক লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন মো. আওয়াল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মো. শাহীন আলম, আইনবিষয়ক সম্পাদক হিসেবে মো. জাভেদ ওমর এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. আব্দুল আলিম শপথ নেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সুরুজ আলী, মো. শাহিনুর রহমান ও মাজদার আলী। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দলিল লেখকদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত কমিটিকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নতুন কমিটির নেতারাও সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত শনিবার (১১ জুলাই) পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৯৪ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন, ফলে শতভাগ ভোটগ্রহণের নজির সৃষ্টি হয়। ওই নির্বাচনে বিজয়ী সদস্যদের নিয়েই বৃহস্পতিবার আনুষ্ঠানিক শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।