বিশ্বকাপ ফাইনালের রাতে জেলায় চ্যাম্পিয়ন ঈশ্বরদীর দলকে সংবর্ধনা
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রাতে পাবনা জেলার ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ঈশ্বরদী সংবর্ধিত হয়েছে। টানা দ্বিতীয়বার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঈশ্বরদীর বিজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে খায়রুল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্ট। রোববার (১৯ জুলাই) রাতে স্বপ্নদ্বীপ রিসোর্টের অডিটোরিয়ামে ব্যাতিক্রম আয়োজনে ফুটবল দলকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল খেলোয়াড়দের সংবর্ধনা, আলোচনা সভা, ডিজিটাল বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ফাইনালের খেলা দেখার আয়োজন, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব।
খায়রুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ।
এ আয়োজনের সার্বিক সমন্বয় করেন স্বপ্নদ্বীপ রিসোর্টের সিইও মুনেম তাজওয়ার অহিন। অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা, গিফট হ্যাম্পার প্রদান ছাড়াও নগদ ৩০ হাজার টাকা উপহার প্রদান করা হয়। এসময় ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ফুটবল দলের ম্যানেজার তালেব জোয়ার্দার, কোচ মো. শাহীন হোসেন ছাড়াও সাবেক ফুটবলার আতিকুর রহমান তারা, আনোয়ার ফয়সাল ইকো, বিজয়ী দলের খেলোয়াড়বৃন্দ, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমীর একদল শিল্পী, লালন কন্যা খ্যাত শিল্পী স্বপ্না রানী ও অন্যান্য শিল্পিরা সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। পরে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।