শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল দেখে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিলল যুবকের লাশ

সোনার দেশ ডেস্ক ২০ জুলাই ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন বিশ্বকাপ
সোনার দেশ ডেস্ক ২০ জুলাই ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
বিশ্বকাপের ফাইনাল দেখে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিলল যুবকের লাশ
আলাউদ্দিন রায়হান

নোয়াখালীর সেনবাগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ভোরে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রায়হান ওই বাড়ির কুয়েত প্রবাসী আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রায়হান সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রবিবার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোর রাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তখন রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে আবার ঘরে ফিরে দেখেন স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

সোমবার (২০ জুলাই) রায়হানের পুনরায় সৌদি আরবে যাওয়ার ভিসা আসে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেছেন, “খবর পেয়ে পুলিশ রায়হানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: রাইজিংবিডি