টাঙ্গাইলের মধুপুরে নিহত জালেমন বেগমের বাড়ির সামনে স্থানীয়দের ভিড়
টাঙ্গাইলের মধুপুরে জালেমন বেগম (৬৫) নামের এক বিএনপি নেতার মাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত জালেমন একই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী ও শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ মিঠুর মা।
স্থানীয় সূত্র জানায়, স্বামীর মৃত্যুর পর জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে। পরে তারা নিহতের গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং ঘরের মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেননি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি