সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশন মাষ্টার মনিরুজ্জামান জাগো নিউজে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এসময় মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতিরোধ করা হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বলেন, সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে পুরো উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে কিছু সময় লাগবে।
তথ্যসূত্র: জাগোনিউজ