শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সোনার দেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
বগুড়ায় বাসচাপায় ৬ দিনমজুর নিহত

বগুড়া ও সিলেটে গৃথক দু‘টি সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় ৭ দিনমজুর নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।


বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত

বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় সাত দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (৭ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে। তারা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ইসলাম, নূর আলম ও বগুড়া সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেন এবং জয়পুরহাটের তাজমুল।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদরের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া-নওগাঁ সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে আসা দিনমজুররা অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত জন কয়েকজন।


ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন আরও চার জন মারা যান।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ যাত্রী নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওসমানীনগরের দয়ামীর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

আহতদের বেশির ভাগও একই বাসের যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, বাংলানিউজ