শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

সোনার দেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ১১:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

বগুড়া ও সিলেটে গৃথক দু‘টি সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসের চাপায় ৭ দিনমজুর নিহত হয়েছেন।


অন্যদিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। বগুড়ায় বিকেলে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।


সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।


শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকার দয়ামীর অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।


নিহত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- প্রিয়ম (২৫) ও জাইফা (০৪)। আহতদের মধ্যে রয়েছেন- ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮),বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০), রাজু (৫৫)।


শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।


খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।


শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আমাদের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় একই এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় ৭জন শ্রমিক নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। একই দিন একই স্থানে বিকালে প্রাইভেট কার ও মোটর সাইকেলে ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন।


ঘটনাটি  শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় এবং বিকাল সাড়ে ৪টার দিকে প্রাইভেট কার ও মোটর সাইকেল সংঘর্ষ হয়।  


নিহতরা হলেন, বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান(৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি। নিহত বাবুল হোসেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী।


পুলিশের এই কর্মকর্তা জানান, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন বাবুল হাসান। এসময় তাঁর স্ত্রী ও নাতি সাথে ছিল। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী জেসমিন ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতি বর্তমানে চিকিৎসাধীন।  তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এর আগে, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাতজন দিনমজুর নিহত হন। নিহতরা হলো, তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) ও জমির মালিক নূর মোহাম্মদ (৭৬)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।


তবে সকালে বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সাত দিনমজুর নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।