সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ জনের কারাদণ্ড

পুঠিয়া প্রতিনিধি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪ জনের কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভুমি শিবু দাস। 


রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে আটক ব্যক্তিরা হলেন—বানেশ্বর এলাকার সিকান্দর আলীর ছেলে নাসির আলী, খুটিপাড়া এলাকার নকির উদ্দিনের ছেলে মেহেদী হাসান, দীঘলকান্দী এলাকার আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান রনি এবং খুটিপাড়া এলাকার মো. হামিদের ছেলে রফিকুল ইসলাম।


আটককৃত চারজনের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।