বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (০৬ সেপ্টেম্বর) এক সাধারণ সভায় তারা এ সিদ্ধান্ত নেন।
ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে মৈনম বাজার সর্বজনীন দুর্গা মন্দির কমিটি।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, মৈনম বাজারসংলগ্ন সর্বজনীন দুর্গা মন্দিরে প্রায় ১০০ বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একসময় বাজারসংলগ্ন খাস পুকুরের নির্ধারিত ঘাটে এলাকার ৮ থেকে ১০টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হতো। গত বছরও সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র কবিরাজ অভিযোগ করে বলেন, এ বছর ওই পুকুরের ঘাটের খাস জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন মৈনম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব কান্টু। ফলে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে প্রয়োজনীয় জায়গা থাকছে না। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্দির কমিটির সভাপতি মিলন কমল দাস বলেন, ‘প্রতিমা বিসর্জনের ঘাটটি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে পূজা উদ্যাপন করা কঠিন হয়ে পড়বে। ধর্মীয় রীতি ও দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় প্রশাসনের কাছে ঘাটটি দখলমুক্ত করার দাবি জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে আওরঙ্গজেব কান্টুর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’