মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সদর উপজেলার চকআতিথা রমজান মিলিটারির বাড়ির সামনে হতে বুজরুকআতিথা পর্যন্ত সড়কের পাশে বনজ ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে অংশিদারিত্বের ভিত্তিতে বিএমডিএ’র সামাজিক বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 


এই সড়কের পাশ দিয়ে ধারাবাহিকভাবে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ অংশিদারিত্বের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরে ৫ হাজার বৃক্ষরোপন করবে। এছাড়া নওগাঁ বিএমডিএ, নওগাঁ রিজিয়ন-১ ও ২ জেলাজুড়ে দুই লক্ষ বনজ ও ঔষধি গাছ রোপন করবে বলে জানিয়েছেন বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম। 


বৃক্ষরোপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলার চকআতিথা নামক এলাকায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, বিএমডিএ নওগাঁ জোনের সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালেক, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি এবং অংশিদারিত্বের ভিত্তিতে বৃক্ষরোণের উপকারভোগী গ্রুপের সদস্য বিভিন্ন পর্যায়ের নারী/পুরুষ উপস্থিত ছিলেন।


বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি চকআতিথায় শতাধিক স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে বলেন গাছ আমাদের অক্সিজেনের প্রধান উৎস। এছাড়া গাছ মানুষের স্থায়ী সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যমও। তাই আগামীতে বুক ভরে সজিব বাতাস নিতে চাইলে যার যেখানে গাছ রোপনের জন্য যতটুকু জায়গা আছে সেখানে পরিবেশবান্ধব গাছ রোপন করে তার যত্নসহকারে বড় করার কোন বিকল্প নেই বলে তিনি জানান।