মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬

সাত মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ

সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন
সাত মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিশু নিখোঁজের সঙ্গে জড়িত অপরাধী চক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।


বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের নিখোঁজ ও গুম হওয়ার ঘটনা ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট থানার সদর দপ্তরের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় বিপুলসংখ্যক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে এখনো দুই হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।


একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা গেলেও এখনো এক হাজার ৯৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, সাত মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা আতঙ্কজনক ও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে এটি সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও সূচক তৈরি করছে।


বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশু কোনো পাচার চক্রের শিকার হচ্ছে কি না কিংবা কোনো অসাধু অপরাধজগতের পা রাখছে কি না, তা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে। আকস্মিকভাবে শিশু নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সামাজিক নিরাপত্তা ঘাটতির বিষয়টিকেও সামনে নিয়ে আসছে।


সংগঠনটি জানায়, অনেক শিশু বাড়ির সামনে খেলতে গিয়ে, স্কুল থেকে বাসায় ফেরার পথে, বিভিন্ন সময়ে নানা ধরনের প্রলোভনের শিকার হয়ে কিংবা অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ ভুলে নিখোঁজ হচ্ছে। এসব ঘটনায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি।


বাংলাদেশ মহিলা পরিষদ নিখোঁজ শিশুদের সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসনের গভীর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। একই সঙ্গে শিশু নিখোঁজের সঙ্গে জড়িত অপরাধী চক্র চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।


এখানে উল্লেখ্য যে, পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি জিডির তথ্য পাওয়া গেছে; এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে এবং ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট