শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুর প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মহাদেবপুর প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজের মেয়ে। তিনি খাজুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতা বেগম ২০১১ সালের ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ২০১৬ সালের নির্বাচনেও মাত্র পাঁচ ভোটের ব্যবধানে হেরে যান। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে ২০২১ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন।


স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে আলতা বেগমের স্বামীর মৃত্যু হয়। এর কিছুদিন পর থেকে তার মধ্যে আবারও মানসিক সমস্যা দেখা দেয়। এ কারণে তিনি অধিকাংশ সময় বিষণ্ন থাকতেন।


পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে আলতা বেগম তার শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমান। শুক্রবার সকালে শাশুড়ি তাকে ডাকলে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান এবং আবার শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চার্জার ভ্যানে তোলার পর সেখানেই তার মৃত্যু হয়।


খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, ‘মানসিক সমস্যার কারণে অধিকাংশ সময়ই তিনি বিষণ্ন থাকতেন। তবে কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ঠিকঠাক বলা যাচ্ছে না।’


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। পরে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।