নাটোরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এ প্লাস সংবর্ধনা
নাটোরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭৫ জন কৃতী শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনজুরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ভিপি ইব্রাহিম রনি , বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক ইসহাক আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।