শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৫

সোনার দেশ ডেস্ক ১৬ অক্টোবর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ অক্টোবর ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ৫, ৮ ও ১১ বছর। এ ঘটনায় ১৬ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেন্ড শহরের বাসিন্দা ওই কিশোর সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে ঢুকে গুলি চালায়।


বেন্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্রান্টজ বলেন, দীর্ঘ নলের আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশের সময় কিশোরটি বন্ধ দরজায় গুলি চালিয়ে জোর করে ভেতরে ঢোকে। তবে সে ভবনের কতটা ভেতরে যেতে পেরেছিল, তা এখনো স্পষ্ট নয়।


পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এক ব্যক্তি ওই কিশোরকে স্কুলে ঢুকতে দেখে তার পিছু নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি কিশোরটির সঙ্গে গুলিবিনিময়ে জড়িয়ে পড়েন। এতে হামলাকারী নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে।


হামলায় সাত বছর বয়সী আরেক শিশু ও এক শিক্ষক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামলাকারীর সঙ্গে স্কুলটির কোনো সম্পর্ক ছিল কি না, সে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং কতটি গুলি ছুড়েছে—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান থাকায় পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।


পুলিশ জানায়, প্রথম ৯১১ জরুরি ফোনে এক অজ্ঞাত ব্যক্তি একটি গাড়ির দিকে গুলি চালিয়েছেন বলে জানানো হয়েছিল। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনে স্কুলে একজনের প্রবেশ ও গুলি চালানোর খবর আসে।


ঘটনার পর সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত অবরোধ জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও ঠিক করে দেয় বেন্ড পুলিশ।


এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্তে সহায়তা করছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।


সূত্র: সিএনএন