সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ অক্টোবর ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ অক্টোবর ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন।


রোববার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় ধরমপুর এলাকার নদীর ধারের একটি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মীর চাঁদ আলী (২৬) কে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মৃত ইছাহাক আলীর ছেলে মো. হাবিব (৩০) পালিয়ে যান।


পুলিশ জানায়, গ্রেপ্তার মীর চাঁদ আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া হাবিবের ফেলে যাওয়া ৩৮০ গ্রাম গাঁজা ও আরও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


একই দিন রাত ৯টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় শ্যামপুর নগরপাড়া গ্রামে আরেকটি অভিযান চালায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় নিজ বাড়ি থেকে মোসা. মেহেরুন নেছা (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলিমুদ্দিনের স্ত্রী ও মৃত রহিমউদ্দিনের মেয়ে। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।


আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে পলাতক হাবিবকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।