মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

দুর্গাপুরে খড়বোঝাই ট্রাকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

দুর্গাপুর প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
দুর্গাপুরে খড়বোঝাই ট্রাকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

রাজশাহীর দুর্গাপুরে খড়বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ দশমিক ৯ গ্রাম গুঁড়া ইয়াবাসহ মো. শামীম রেজা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাকের হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। 


সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাজারের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান ও এসআই সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।


পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন একটি খড়বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি প্যাকেটে রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্যাকেটে ১৫ দশমিক ৯ গ্রাম গুঁড়া ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রাকে থাকা শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫।


গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। অভিযানের সময় ট্রাকে থাকা হেলপার পালিয়ে যান।


দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী জেলা ডিবি পুলিশ ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ট্রাকের হেলপার পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হয়নি। রাজশাহী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্তও তারাই পরিচালনা করবেন।