চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি উৎসবের পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির ও প্রতাপচন্দ্র দাস দুর্গামন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব উদযাপন করছেন। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন করতে হবে।’
তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক নজরদারি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ সাধারন সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।