মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যের আলো ছড়াচ্ছে ৩২১ বছরের বাইশপুতুল দুর্গোৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যের আলো ছড়াচ্ছে ৩২১ বছরের বাইশপুতুল দুর্গোৎসব

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। এরই মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে জেলা শহরের উপকণ্ঠ বারঘরিয়ার প্রায় ৩২১ বছরের ঐতিহ্যবাহী বাইশপুতুল দুর্গোৎসব।


মহাষ্টমীতে দেবী দুর্গার আরাধনা, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। এ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন সন্ধিপূজা ও কুমারী পূজাকে ঘিরেও ভক্তদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ। পুরাণ অনুযায়ী, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করে চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধ করেন। পৌরাণিক এ ঘটনাকে স্মরণ করে সন্ধিপূজার আয়োজন করা হয়। প্রচলিত বিধান অনুযায়ী, দুই তিথির সন্ধিক্ষণের নির্দিষ্ট ৪৮ মিনিটের মধ্যে এ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।


মহাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শনে বের হয়েছেন দর্শনার্থীরা। এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে দেবী দুর্গার প্রতিমা দর্শনের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন তাঁরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।


এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় ঐতিহ্যবাহী বাইশপুতুল দুর্গাপূজাকে ঘিরে রয়েছে বাড়তি আকর্ষণ। ২২টি মূর্তির সমন্বয়ে আয়োজিত এ পূজা রাজশাহী অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গোৎসব হিসেবে পরিচিত। দীর্ঘ তিন শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা এ আয়োজন দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় বিশ্বাস, লোককথা ও বংশপরম্পরায় চলে আসা ঐতিহ্যের মেলবন্ধনে পূজাটি পেয়েছে স্বতন্ত্র পরিচিতি।


বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি পাল জানান, আনুমানিক ১৭০৫ সাল থেকে বংশপরম্পরায় এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই হিসাবে এ ঐতিহ্যের বয়স প্রায় ৩২১ বছর। একসময় চৌডালাকেন্দ্রিক ছিল পূজাটির আয়োজন। প্রচলিত ইতিহাস অনুযায়ী, একবার ভয়াবহ বন্যায় এলাকা প্লাবিত হলে দেবীর কাঠামোটি ভেসে বারঘরিয়া এলাকার নদীর ঘাটে চলে আসে।


তিনি জানান, পরবর্তী সময়ে বারঘরিয়ার পূজারিরা স্বপ্নে দেবীর নির্দেশনা পাওয়ার কথা প্রচার করেন। এরপর থেকে বারঘরিয়ায় পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। দীর্ঘদিনের এ ঐতিহ্য আজও ধরে রেখেছেন স্থানীয়রা।


প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত ধর্মীয় বিশ্বাস, লোকজ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আজও আয়োজিত হচ্ছে বাইশপুতুল দুর্গোৎসব। মহাষ্টমীর পূজা-অর্চনার আবহে ৩২১ বছরের এ আয়োজন চাঁপাইনবাবগঞ্জের শারদীয় উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা।