নগরীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৪৯ টাকা জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো. রাজা (৪২), হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মৃত হাসানুজ্জামান সুজনের ছেলে মো. জুবায়ের (৩৮), মোল্লাপাড়া গ্রামের নুর আলমের ছেলে মো. সেলিম (৪০) এবং রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত মোস্তাক খান তুষারের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২)।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৪৯ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।