সৌদি আরবের তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের
হুথি হামলার পর সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে বিমান চলাচল সীমিত হয়ে পড়ে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই সপ্তাহ পর সৌদির রাজধানীসহ বিভিন্ন রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরই মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও ফ্লাইট চালু হবে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এ রুটে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, দাম্মাম রুটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, উল্লিখিত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি-সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
তথ্যসূত্র: রাইজিংবিডি