বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে দুই সহোদরের জিডি, প্রাণনাশের হুমকির অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন
শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে দুই সহোদরের জিডি, প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই সহোদর। বোনের বিয়ে নিয়ে বিরোধের জেরে এ হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো হামলার শিকার হওয়ার দাবি করেছেন অভিযুক্ত শাহাদাত হোসেন। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লায়।


রাফসান রহমানের স্বাক্ষরিত জিডি সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তাঁর ছোট বোন মোসা. আতিয়া রহমানকে কৌশলে বিয়ে করেন পৌর এলাকার কারবালা মোড়ের বাসিন্দা মোস্তফার ছেলে শাহাদাত হোসেন। ওই বিয়ে মেনে না নেওয়ায় রাফসান রহমান ও তাঁর ভাই রাফাত রহমানকে হুমকি দেওয়া শুরু করেন শাহাদাত। এর ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে শাহাদাত তাঁদের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


জিডিতে আরও অভিযোগ করা হয়, কয়েক দিন পর শাহাদাতের স্ত্রী আতিয়া রহমান তাঁর মোবাইল ফোন থেকে রাফসানের স্ত্রীকে হত্যার হুমকি দেন। এমনকি আতিয়ার ফেসবুক আইডি থেকে অস্ত্রসদৃশ বস্তুসহ পরিবারের সদস্যদের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘অর্থবছরের সেরা গিফট, আমার দুই মা-বাবা।’ এ ছাড়া ঘটনার প্রায় এক সপ্তাহ আগে শাহাদাত তাঁর ফেসবুক আইডিতে রাফসানকে উদ্দেশ করে লেখেন, ‘আপনি দোয়া করেন যেন আমি মারা যায়। আর আমি বেঁচে থাকলে আপনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েন।’


এসব কর্মকাণ্ডে দুই সহোদর ও তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন রাফসান রহমান। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহাদাত হোসেন। অস্ত্রসদৃশ বস্তুসহ প্রকাশিত ছবির বিষয়ে তিনি বলেন, সেটি খেলনা পিস্তল হতে পারে। তাঁর দাবি, গত ১৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে অসুস্থ স্ত্রীকে ওষুধ দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাফসান রহমান ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করেন শাহাদাত।


শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, রাফসান রহমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।