যৌতুক মামলা করায় শ্বশুরকে হত্যাচেষ্টার অভিযোগ জামাতার বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুকের মামলা করায় প্রতিশোধ নিতে শ্বশুর তোফিজুল ইসলামকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর জামাতা মো. সেলিমের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিমের স্ত্রী তাসলিমা আফরোজ তিশা গোমস্তাপুর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে তাসলিমা আফরোজ তিশার সঙ্গে একই এলাকার আতাউর রহমানের ছেলে মো. সেলিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তিশাকে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বামী সেলিম ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিশা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, যৌতুকের মামলার জেরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তিশার বাবা তোফিজুল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়। ভ্যানে করে বাড়ি ফেরার পথে ষাঁড়বুরুজ এলাকায় পৌঁছালে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিশা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত এজাহার পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।