বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি খাদে, আহত ৮

শিবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি খাদে, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে আটজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ মারা যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আহত ব্যক্তিরা হলেন মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) ও মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে আব্দুস সামাদ ও আব্দুল মকিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী বলেন, মাঝাটোলা এলাকায় গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে তিনি গ্রামপুলিশ পাঠান এবং উপজেলা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।


শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদে ভটভটি পড়ে থাকতে দেখেন তাঁরা। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা ভটভটিতে থাকা লোকজন ও গরুগুলো উদ্ধার করেন। খাদে পড়ে থাকা ভটভটিটি উদ্ধারে কাজ চলছে।