৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুরে সড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাকশ্রমিকরা। টানা কয়েক দিনের আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (১ নভেম্বর) সকালেও মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।
এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
ফলে গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে মিরপুর ট্রাফিক বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা।
তিনি বলেন, পোশাকশ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন।
বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবারও ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। দুই দিনই প্রায় পাঁচ ঘণ্টা করে সড়কে অবস্থান নেন তারা।
শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলে ভাঙচুর চালান আন্দোলনরত শ্রমিকরা। এর এক দিন পর রোববার সকালে আবারও সড়ক অবরোধ করায় মিরপুর-১০ এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ