নগরীতে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার জব্দ
নগরীতে জুয়া প্রতিরোধে দামকুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ৪টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইলসহ মোট ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৪ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ শিতলাই এলাকায় অভিযান চালিয়ে শিতলাই গোবিন্দপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. আমান উল্লাহ আমান (২৭) এবং মো. মাজদার আলীর ছেলে মো. সাকিবুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোবিন্দপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. মাসুম (৩৫) কৌশলে পালিয়ে যায়।
এসময় গ্রেপ্তারকৃত আসামি আমানের হেফাজত থেকে জব্দ করা ৩ টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন তল্লাশি করে ৭ টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসোবের সঙ্গে ব্যবহৃত ২ টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ৪ টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ২ টি অ্যাপস পাওয়া যায়।
এছাড়া অপর আসামি সাকিবুলের হেফাজত থেকে ১ টি স্মার্টফোন তল্লাশি করে ২টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৩টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ৩টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ৩টি অ্যাপস পাওয়া যায়। পাশাপাশি জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মাসুম দীর্ঘদিন ধরে আমান ও সাকিবুলের সঙ্গে সাইবার স্পেসে অনলাইনে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েব সাইট ব্যবহার করে আসছে।
আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।