শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

তুরস্কে সিরিজ গুলিতে নিহত ৮

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
তুরস্কে সিরিজ গুলিতে নিহত ৮

তুরস্কের পশ্চিমাঞ্চলে সিরিজ গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির আফিয়নকারাহিসার প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।


স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক গাড়িতে বিভিন্ন স্থানে হতাহতদের পাওয়া যায়।


হামলার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পরে কর্তৃপক্ষ জানায়, এসকিশেহির প্রদেশ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে একটি লাল মিনিভ্যানের পাশে লম্বা আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজন নিহত হন। ইয়ুকারিতানদির এলাকায় আহত অবস্থায় দুই নারীকে পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার শিকার গ্রামগুলোতে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে বড় পরিসরে অভিযান শুরু করা হয়।


তুরস্কের সংবাদপত্র মিলিয়েত জানিয়েছে, হামলাকারী যে গাড়িটি নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে, সেটি পরে কাদায় আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। গাড়িটি ফেলে রেখে সন্দেহভাজন ব্যক্তি পায়ে হেঁটে পালিয়ে যান।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফিয়নকারাহিসার গভর্নর কার্যালয় জানিয়েছে, ঘটনার শুরু থেকেই রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। 


তথ্যসূত্র: বিবিসি, বাংলানিউজ