যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত করা হয়েছে, যা গত ৩৫ বছরের বেশি সময়ের মধ্যে বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাতে শনিবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সিডিসির প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর-কিশোরী। এর মধ্যে পাঁচ বছরের কম বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ এবং ৫ থেকে ১৯ বছর বয়সীরা ৪১ শতাংশ। এছাড়া মোট রোগীর বড় একটি অংশ (৪ হাজার ৯৯৩) প্রাদুর্ভাব-সংযুক্ত।
সাম্প্রতিক বছরগুলোতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৯৫ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৯২ দশমিক ৪ শতাংশ নেমে আসার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া রোগীর এই সংখ্যা গত বছরের (২ হাজার ২৮৯ জন) দ্বিগুণেরও বেশি।
এদিকে হামে মৃত্যুর সংখ্যা গণনা ও ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ ও রাজ্য কর্মকর্তাদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। সিডিসির সরকারি হিসাব অনুযায়ী, এ বছর হামে চারজনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের রাজ্যেই এ বছর ছয়জনের মৃত্যু ও ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত হয়েছেন।
পেনসিলভানিয়ার নিয়ম অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত কোনো ব্যক্তি উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে মারা গেলে (যদি না অন্য কোনো কারণে মৃত্যু হয়) তাকে ‘হাম-সম্পর্কিত’ মৃত্যু হিসেবে গণ্য করা হয়। গত আগস্টে এ ধরনের দুটি মৃত্যুর ঘটনা সিডিসি প্রথমে তালিকায় রাখলেও, টিকা নিয়ে সংশয়বাদী মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের আপত্তির পর তা বাদ দেওয়া হয়। এর পরেই পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো ও স্বাস্থ্য সচিব কেনেডির মধ্যে এই নিয়ে বিরোধ প্রকাশ্যে আসে।
সিডিসি জানিয়েছে, বর্তমানে তারা রাজ্যগুলোর মহামারি বিশেষজ্ঞদের সঙ্গে মিলে হামে মৃত্যুর একটি আদর্শ ও মানসম্মত সংজ্ঞা নির্ধারণের কাজ করছে।
দুই দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র হাম-মুক্ত দেশ হিসেবে নিজেদের ঘোষণা করলেও, বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচির ঘাটতি ও ভ্যাকসিন নিয়ে ভীতি দূর করার প্রয়োজনীয়তাকে আবারো সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চলের কম টিকাদানের হার হাজার মাইল দূরের মানুষকেও নতুন করে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।
তথ্যসূত্র: রাইজিংবিডি