রাজশাহীতে মব কালচার, মাদক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ
রাজশাহীতে মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা এবং নগরের যানজট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং এবং সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে মব কালচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে আলোচনা হয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।