চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, ফেরত ১০৬ বস্তা
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের পর ৬১১ বস্তা সার লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আহ্বানে এ পর্যন্ত ১০৬ বস্তা সার ফেরত দিয়েছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চাটমোহর থানায় মামলাটি করা হয়। সার ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
চাটমোহর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, লুট করে নিয়ে যাওয়া সার ফেরত দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এর পর সোমবার পর্যন্ত ৯৮ বস্তা এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত আরও আট বস্তা সার ফেরত পাওয়া গেছে। সব মিলিয়ে ১০৬ বস্তা সার ফেরত এসেছে। ধীরে ধীরে কৃষকেরা সার ফিরিয়ে দিচ্ছেন।
সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় লাইনে দাঁড়ানো এবং সার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। একপর্যায়ে তাঁরাও বিতরণ বন্ধ করে দিলে লোকজন প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। সার না পেয়ে ক্ষুব্ধ কয়েকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে হিসাব করে দেখা যায়, গোডাউনে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল, ৪০০ বস্তা মজুত ছিল এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, তাদের হিসাব অনুযায়ী, এখনো ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।#