মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

পদোন্নতিজনিত কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছয় মাস ১৬ দিন দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। এ ছাড়া উপজেলা ভূমি অফিস ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।


অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর আশরাফুল ইসলামসহ ৬৮ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম ও পঞ্চগড়ের বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা গত ২৪ মার্চ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।


চলতি বছরের ২৩ এপ্রিল আদমদীঘিতে যোগদানের পর স্বল্প সময়েই ভূমি অফিসের সেবার মান উন্নয়ন ও জনভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগ নেন আশরাফুল ইসলাম। দালালমুক্ত পরিবেশে ভূমিসেবা নিশ্চিত করা, দ্রুত নামজারি ও মিসকেস নিষ্পত্তি এবং সেবায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়। পাশাপাশি ভূমি অফিসের জরাজীর্ণ কক্ষ সংস্কার, নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ প্রধান ফটক পুনর্র্নিমাণেও উদ্যোগী হন তিনি। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভূমি অফিসের কার্যক্রমে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেন।


আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালেও নাগরিক সেবা সহজীকরণে নানা উদ্যোগ নেন তিনি। নাগরিকত্ব, চারিত্রিক ও ওয়ারিশ সনদ প্রদান এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দ্রুত করার পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করেন। এ ছাড়া রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল সংস্কার, পানি নিষ্কাশন সচল রাখা এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন। ইউনিয়ন পরিষদের বেদখল জায়গা উদ্ধার ও জরাজীর্ণ কক্ষ সংস্কারেও ভূমিকা রাখেন তিনি।


স্বল্প সময়ে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তনে তাঁর এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সেবাপ্রত্যাশী ও উপজেলাবাসী। বিদায় সংবর্ধনায় উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মজীবনের সাফল্য ও ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।