বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি: আগুন ককটেল আতঙ্ক ছড়াচ্ছে

সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতি: আগুন ককটেল আতঙ্ক ছড়াচ্ছে
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘট চলাকালে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি। 


নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিন জেলায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আগুনে ফরিদপুরে এক বাসচালক নিহত হয়েছেন। আগুনে পুড়েছে পুলিশের একটি গাড়িও।


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পাওয়া যায় গ্রেনেডসদৃশ দুটি বস্তু। এসব ঘটনায় সারা দেশে ৩৪ জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত গাজীপুরে তিনটি, নওগাঁ ও চট্টগ্রামে দুটি করে এবং ফরিদপুর, সাভার, ধামরাই, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খাগড়াছড়িতে একটি করে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বরগুনায় একটি ট্রাক, গাজীপুরে একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।


রাজশাহীর তানোর উপজেলায়, খুলনায় এবং খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।


রাজধানীতে বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


ফরিদপুরে আগুনে বাসচালকের মৃত্যু

ফরিদপুরে গভীর রাতে পার্ক করে রাখা কিশোর-তন্ময় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমিয়ে থাকা বাসচালক কালাচান শেখ (৫৫) মারা যান। পুরো বাসটি পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোয়ালচামটের পৌর বাস টার্মিনালের কাছে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত কালাচান শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। কালাচান শেখ গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকতেন। তবে রাতে দেরি হয়ে গেলে বাসেই ঘুমাতেন।


ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, আগুনে ঘুমিয়ে থাকা কালাচানের একটি হাত পুড়ে যায়। তিনি তখন দৌড়ে বাস থেকে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে এসে পেট্রল ঢেলে বাসে আগুন দেয়। কালাচান মূলত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সংঘর্ষ

সোমবার মধ্যরাতে সাভার পৌর এলাকার গেন্ডার ময়লার মোড়ে দাঁড় করিয়ে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া ধামরাই পৌর এলাকায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পাশে রাখা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগে বাস দুটির ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

নওগাঁ শহরের বাইপাস গাবতলী মোড় এলাকায় রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্ক করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবন এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।


সোমবার দিবাগত রাতে কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দমোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তাঁর সহযোগী নির্জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।


চট্টগ্রাম নগরীতে সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় এবং গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে সাগরিকা এলাকায় শফি মোটরসের সামনে থাকা দুটি খালি বাসে আগুন দেওয়া হয়। মঙ্গলবার ভোরে আনোয়ারা ও কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।


সোমবার গভীর রাতে শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ টোলপ্লাজার সামনে লগি-বৈঠা নিয়ে কয়েক শ মানুষ জমায়েত হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


সোমবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


গাজীপুরে ৩টি বাস, একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার রাতে কালিয়াকৈরের চন্দ্রা ফরেস্ট অফিস সংলগ্ন মহাসড়কের পাশে রাখা আজমেরী পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া চন্দ্রা-নবীনগর সড়কের হাজীবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়।


মঙ্গলবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের চারটি আসন পুড়ে যায়।

সোমবার রাতে রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের ওভারপাস এলাকা থেকে বোমাসদৃশ ৫টি বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার মধ্যরাতে খাগড়াছড়ি শহরের কেএইচ সিটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জিপগাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের কর্মীরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুরের কালকিনি মাছ বাজারের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইনে ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)।


ক্যাম্পাসে ককটেল, ফটকে তালা

মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তার ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছে।


মঙ্গল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল নামের এক প্রাইভেটকারচালক আহত হন। এ ছাড়া সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। সিটি কলেজের পাশের ৩ নম্বর সড়ক থেকেও দুটি ককটেল উদ্ধার করা হয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সোমবার গভীর রাতে তালা ঝুলিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


সোমবার মধ্যরাতে রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান গেটে তালা দেওয়া হয়।


চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটিয়ে দেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল স্কুল, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে তালা ঝোলানো হয়। গতকাল ভোরে উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও মিছিলের খবর পাওয়া গেছে।


বরগুনার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিসে তালা দিয়ে সেখানে পোস্টার ও চিরকুট লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা। বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধও করা হয়।

গতকাল সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।


বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

গতকাল ভোররাতে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়।

সোমবার ভোররাতে খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।


রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গতকাল গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে বিমানবন্দরের মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করা হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।


ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য গতকাল সকালে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর একটু পরই বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর কথা দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ওই স্থান ঘিরে ফেলে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন