শীতের আবহে ঈশ্বরদীর পথে পথে পিঠা-পুলির দোকানে ভীড়
প্রকৃতিতে শীতের আবহ আর নতুন ধানের মৌ মৌ গন্ধে পাবনার ঈশ্বরদীতে মৌসুমী পিঠা ও কালাই রুটির অসংখ্য দোকান গড়ে উঠেছে পথে পথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই এসব দোকানে পিঠা-পুলি কিংবা গরম গরম কালাই রুটির স্বাদ নিতে ভিড় করেন ছোট-বড় সব বয়সীরা। নারকেল কোরা, নবান্নের নতুন ধানের চালের আটা ও নতুন খেজুর গুড়ের মিশেলে ধোঁয়া ওঠা ভাপা ও পুলি পিঠা, নানা রকম ভর্তা দিয়ে চিতই পিঠা কিংবা শুটকি ভর্তা, বেগুন অথবা মরিচ ভর্তা দিয়ে গরম গরম কালাই রুটির স্বাদ নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মুখরোচক এসব পিঠা-রুটি খেতে লোকজনকে ভীড় করতে দেখা গেছে বিভিন্ন স্থানে। ঈশ্বরদী শহর ছাড়িয়ে গ্রামের রাস্তা কিংবা মোড়েও বসেছে এসব পিঠা ও কালাই রুটির দোকান। মাটির চুলায় লাকড়ি-কাঠের আগুনে ক্রেতাদের বসিয়ে রেখেই গরম গরম পিঠা বানাতে ব্যস্ত সময় এখন এসব মৌসুমী দোকানীদের। এসব দোকানে আশেপাশের হত দরিদ্র নারীরা নতুন আয়েরও পথ খুঁজে পেয়েছেন।
সাঁড়াগোপালপুর স্কুল মাঠের সামনে রেললাইনের ধারে স্থানীয় হতদরিদ্র নারী দোলে খাতুন তার ছেলেকে নিয়ে চুলা বসিয়ে গত কয়েকদিন ধরে পিঠা ও কালাই রুটি বানিয়ে বিক্রি করছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কথা হয় তাঁর সঙ্গে। দোলে খাতুন বলেন, এমনিতেই আমার চরম অভাবের সংসার। কোনমতে সংসার চলে।
শীতের আবহ শুরু হলে বাড়ির কাছে রেললাইনের ধারে চুলা বসিয়ে পিঠা ও কালাই রুটি বানিয়ে বিক্রি করছি। এতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ঈশ্বরদী বাজারের সড়ক ঘেঁষে এ ধরনের পিঠার দোকানী রমিজ হোসেন বলেন, স্ত্রীকে সাথে নিয়ে পিঠার দোকান বসিয়ে প্রতিদিন ৫ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হচ্ছে।
ইটালী প্রবাসী পিয়ারুল ইসলাম ও সিঙ্গাপুর প্রবাসী আবু সাদাত ইবনে আমিন রোকনসহ কয়েকজন বন্ধু দোলে খাতুনের দোকানে রেললাইনে বসে পিঠা খাচ্ছিলেন। পিয়ারুল ইসলাম বলেন, প্রবাসে থাকায় গ্রামের এই আবহ আমরা ভুলতে বসেছি। গরম গরম পিঠা ও কালাই রুটি খেয়ে খুব ভালো লাগলো।
উল্লেখ্য শহরের রেলওয়ে গেটের দুই পাশে, বাজার, কলেজ রোড, রূপপুর, দাশুড়িয়াসহ ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় এ ধরনের অসংখ্য পিঠা তৈরি ও বিক্রির অস্থায়ী দোকানের সবগুলোতেই বিক্রি বেশ ভালো হয় বলে জানান দোকনীরা।