নওগাঁয় দুই বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির দুই সহসভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শহরের ৫ নম্বর ওয়ার্ড কমিটির এক সহসভাপতি রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের নওগাঁ জেলা কমিটির সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), একই কমিটির সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি শিশির (৫৫)। ডলার শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, লিখন হাটনওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করিয়ে রাখা আল বারাকা পরিবহণের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।#