বুধবার, নভেম্বর ১১, ২০২৬

১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন
১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদনে ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।


এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি সাগর নিজের সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তাঁর সেই আবেদন নাকচ করেন।


মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ১২ বছরের ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।


পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিলে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।


মামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।


ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।- তথ্যসূত্র : ঢাকা পোস্ট