এনসিপির নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রোল বোমা ছোড়ার দাবি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে এনসিপি নেত্রীর দাবি।
বুধবার রাত ১২টার কিছু পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করে বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, “সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি আমাকে মুঠোফেনে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
“তবে এই সময়ের মধ্যে আট কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দুটি ছাগল পুড়ে গেছে।”
ওসি বলেন, “ঘটনাস্থলের সন্নিকটেই নুসরাত তাবাসসুমের মা–বাবা আরেকটি তিন তলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন লাগেনি এবং তার পরিবারের কেউ অগ্নিদগ্ধ বা ক্ষতিগ্রস্ত হননি।
তিনি বলেন, “এনসিপি নেত্রীর দাবির সূত্রে ওই বাড়িতে পেট্রল বোমা চালানো হয়েছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
বৃহষ্পতিবার দুপুরে নুসরাত তাবাসসুম থানায় এসে লিখিত অভিযোগ দিবেন বলেও জানান ওসি।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি শর্টসার্কিট থেকে বা পূর্বশত্রুতার কারণেও ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি–নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি।
ঘটনার পরপরই তিনি নিজের ফেইসবুকে পোস্ট লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।”
এদিকে সকালেই ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুরে এসে পৌঁছেছেন নুসরাত তাবাসসুম। তিনি
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, “নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলব।”
তথ্যসূত্র: বিডিনিউজ