বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ঢাবিতে ককটেল আতঙ্ক: ৬ চীনা শিক্ষার্থী দেশে ফিরছেন

সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
ঢাবিতে ককটেল আতঙ্ক: ৬ চীনা শিক্ষার্থী দেশে ফিরছেন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেলবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরেছেন।

শিক্ষালয়টির বিদেশি শিক্ষার্থীদের হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটতে দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এতে আমাদের দুজন শিক্ষার্থী চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

“আরও ছয়জন ১৩ নভেম্বর দেশ ছাড়বেন। তাদের আরও কয়েকদিন পর যাওয়ার কথা ছিল; কিন্তু ক্যাম্পাসে ককটেল আতঙ্ক দেখে ফিরে যাচ্ছেন।”


নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা জানানোর পর অন্য শিক্ষার্থীরা ‘আশ্বস্ত হয়েছেন’ বলে দাবি করেছেন অধ্যাপক কাউসার।

তিনি বলেন, “আমরা অন্যান্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা নিরাপত্তামূলক ব্যবস্থার কথা বলেছি। তারা আশ্বস্ত হয়েছেন।”

রোববার থেকে টানা তিনদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দশটির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিজনেস অনুষদে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ককটেলবাজিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ