বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০১:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকদের সরাতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়, তবে কিছুটা ধীরগতি রয়েছে। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরিসহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। 


খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাধ্য হয়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়কের অন্য যায়গায় আবারও জড়ো হতে শুরু করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী আবারও ধাওয়া দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ১১টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।


গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থায় নিয়েছিলেন এবং জরুনের দিকেও শ্রমিকরা অবস্থান নেওয়া চেষ্টা করেছিলেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।


তথ্যসূত্র: ঢাকাপোস্ট