বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও

সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০১:১৬ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
জেনসেন হুয়াং। ফাইল ছবি

এআই চিপের বিশ্বের শীর্ষ সরবরাহকারী এনভিডিয়ার বোর্ড বুধবার গভীর রাতে বৈঠকে বসছে। বৈঠকে প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের নেতার বিরুদ্ধে দুটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবরে সংকট দেখা দিয়েছে। বোর্ড বৈঠক নিয়ে মন্তব্যের অনুরোধে এনভিডিয়া তাৎক্ষণিক সাড়া দেয়নি। 

তার বাৎসরিক বেতন ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৪৫৮ কোটি টাকা। অর্থাৎ তার মাসিক বেতন প্রায় ৩৮ কোটি টাকা।

রবিবার বোর্ড হুয়াং ও তার নেতৃত্বদলের প্রতি আস্থা প্রকাশ করেছিল। সেখান থেকে এ বৈঠক বড় পরিবর্তন। এনভিডিয়ার বিধি অনুযায়ী, পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে কারণ দর্শানো বা না দর্শানো, দুভাবেই হুয়াংকে অপসারণ করা যায়। প্রতিষ্ঠানটির ১১ পরিচালকের মধ্যে হুয়াং ছাড়া বাকি সবাইকে স্বাধীন হিসেবে গণ্য করা হয়।


ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবর দেয় যে কোম্পানি হুয়াংকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। এরপর এক্সটেন্ডেড ট্রেডিংয়ে এনভিডিয়ার শেয়ার ৮ শতাংশের বেশি পড়ে যায়। এ ক্ষতি বহাল থাকলে অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দেওয়ার পর থেকে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০ হাজার কোটি ডলার কমবে। ওই নারীকে চীনা গুপ্তচর বলে অভিযোগ করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অ্যালিস হুয়াংকে এনভিডিয়ার চিপ চীনা প্রতিষ্ঠানে পাঠাতে সহায়তার অভিযোগে তদন্ত করছেন, এমন তথ্য প্রকাশের পর একের পর এক ঘটনা ঘটে। ওয়াল স্ট্রিট এনভিডিয়ার পরিচালনা ও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কোম্পানির বোর্ড অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং বাইরের আইনজীবী নিয়োগ দেয়। আইনপ্রণেতারা চীনে চিপ রফতানিতে আরও কড়াকড়ির জন্য চাপ দিতে থাকেন।


এনভিডিয়ার শেয়ারধারী মিনোটার ক্যাপিটালের পোর্টফোলিও ম্যানেজার ও সহ-প্রতিষ্ঠাতা আরমিনা রোজেনবার্গ বলেন, বাজার এখন এনভিডিয়ার মূল্য নির্ধারণ করছে প্রতিষ্ঠাতা ছাড়া, এটিকে সম্ভাব্য পরিণতি হিসেবে ধরে, দূরবর্তী ঝুঁকি হিসেবে নয়। জেনসেনকে হারানো হবে সত্যিকারের ধাক্কা।


হুয়াং প্রায় তিন দশকের বেশি সময় ধরে প্রায় ৪ লাখ কোটি ডলার মূল্যের এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি সহ-প্রতিষ্ঠা করেছেন ও গড়ে তুলেছেন। তার বিদায় হলে নেতৃত্বে শূন্যতা তৈরি হবে। ৬৩ বছর বয়সী হুয়াংয়ের কোনও সুস্পষ্ট উত্তরসূরি নেই। তিনি এনভিডিয়ার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক। তার সরাসরি অধীনস্থ কর্মকর্তা কয়েক ডজন, যা প্রতিষ্ঠানে তার কঠোর নিয়ন্ত্রণ দেখায়।


ব্লুমবার্গ বুধবার জানায়, সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে এনভিডিয়ার বোর্ড একটি বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। রোজেনবার্গের মতে, এক দশকের বেশি সময় ধরে দায়িত্বে থাকা প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তী প্রধান নির্বাহী হওয়ার স্বাভাবিক পছন্দ। তবে দীর্ঘ মেয়াদে প্রযুক্তির রোডম্যাপ কে নেতৃত্ব দেবেন, সেটিই বড় প্রশ্ন।


ভবিষ্যদ্বাণীর বাজার পলিমার্কেটে বছরের শেষ নাগাদ হুয়াংয়ের পদত্যাগ বা অপসারণের সম্ভাবনা ৮৮ শতাংশে উঠেছে। উত্তরসূরির দৌড়ে এগিয়ে আছেন ইয়ান বাক, যিনি এনভিডিয়ার ডেটা সেন্টার গ্রাহকদের সেবা দেওয়া ব্যবসা দেখেন।


নিউইয়র্ক টাইমস বুধবার আরও জানায়, হুয়াংয়ের অধীনস্থ এক কোম্পানি নির্বাহীর সঙ্গেও তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পাঁচজন কর্মীর বরাতে পত্রিকাটি বলেছে, তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েল। বুধবার ফোনে পাওয়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে হুয়াং বলেন, আমার মনে হয় না আপনার আমার সঙ্গে সরাসরি কথা বলা উচিত। এরপর তিনি ফোন কেটে দেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এনভিডিয়া ও পাওয়েল তাৎক্ষণিক মন্তব্য করেননি। রয়টার্স খবরটি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।


আলাদাভাবে অ্যাক্সিওস বুধবার উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানায়, এনভিডিয়ার চিপ চীনে সরিয়ে নেওয়ার সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্পের কঠোর ব্যবস্থা মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আটকে দিয়েছেন। হোয়াইট হাউস ও লুটনিকের মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন