পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ বছরের শিশুর মৃত্যু
নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকায় একটি আবাসিক ভবনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নজিপুর পল্লী বিদ্যুৎ-২ কার্যালয়ের উত্তর পাশে তিনতলা একটি ভবনের বারান্দায় দুই ভাই খেলছিল। এ সময় বাসার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল তারের সংস্পর্শে একটি এসএস পাইপ এলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু সৌদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সৌদ হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের আনিসুর রহমানের ছেলে। তার বাবা জীবিকার তাগিদে সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত। পরিবারটি পত্নীতলার ওই ভবনে ভাড়া থাকত।
সৌদ নজিপুর দারুন্নাজাত আইডিয়াল একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।