রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সবজির বাজারে স্বস্তি ফিরলেও চালের দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
সবজির বাজারে স্বস্তি ফিরলেও চালের দামে অস্বস্তি

নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে শীতকালীন শাকসবজি। সরবরাহ বাড়ায় রাজশাহীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দামই এখন ক্রেতাদের নাগালে। তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে চালের বাজারে। ঊর্ধ্বমুখী চালের দামে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। 


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নগরীর সাহেব বাজার ও উপশহর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল (ব্রি ধান-৮১, ৮৪) বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এ ছাড়া মাঝারি মানের চাল (ব্রি ধান-২৮, ২৯) ৬০ থেকে ৭৫ টাকা এবং মোটা চাল (উন্নত, গুটি স্বর্ণা, লাল স্বর্ণা ও হীরা-২) ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সুগন্ধী চালের (ব্রি ধান-৩৪, ৮০) খুচরা দর রয়েছে প্রতি কেজি ১৮০ থেকে ২২০ টাকা। 


চালের বাজারে এমন অস্থিরতা থাকলেও ঠিক বিপরীত চিত্র কাঁচাবাজারে। বাজারে শীতের সবজির আমদানি বাড়ায় বেশিরভাগ সবজিই এখন ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচাপেঁপে মাত্র ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কার্ডিনাল আলু ২৫ টাকা কেজি এবং ছোট গোল আলু ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।


প্রতি কেজি মুলা ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ধুন্দল ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ঢেঁড়স ও কাকরোল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। পাশাপাশি প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৭০ টাকা, খিরা ও কচুরলতী ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ও শিম ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 


আকারভেদে প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা, এবং প্রতি হালি (৪টি) কাঁচকলা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শশা প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।  শাকের বাজারেও রয়েছে স্বস্তি; প্রতি কেজি পুঁইশাক ২০ থেকে ২৫ টাকা, লালশাক ২৫ থেকে ৩০ টাকা এবং পালংশাক ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


সাহেববাজারে বাজার করতে আসা গৃহিণী ফাতেমা বেগম বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমায় বাজারের ব্যাগে স্বস্তি ফিরেছে। মোটামোটি টাকার মধ্যে ভালো সবজি পাওয়া যাচ্ছে। তবে সবজির দাম কমলেও মাছ ও মাংসের বাজার এখনো বেশ চড়া, তাই আমিষের চাহিদা মেটাতে গিয়ে আমাদের মতো মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে।


অন্যদিকে আমিষের বাজারেও রয়েছে মিশ্র চিত্র। খুচরা বাজারে ২ কেজির ঊর্ধ্বে বড় রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকায় এবং সাধারণ আকারের রুই ২৮০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ২ কেজির ঊর্ধ্বে বড় কাতল মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ কাতল ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি মাঝারি ইলিশ (৫০০-১০০০ গ্রাম) ১৪০০ থেকে ২২০০ টাকা, মৃগেল (১-২.৫ কেজি) ২০০ থেকে ৩০০ টাকা, সিলভার কার্প, বিগ্রেড ও গ্রাসকার্প (৮০০-১০০০ গ্রাম) ১৭০ থেকে ২০০ টাকা এবং পাংগাস ১৭০ থেকে ২৩০ টাকায় মিলছে। 


মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির মধ্যে দেশি মোরগ-মুরগি ৫৫০ থেকে ৫৭০ টাকা, সোনালী মুরগি ২৮০ থেকে ৩২০ টাকা এবং ফার্মের ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ডিমের বাজারে প্রতি হালি হাঁসের ডিম ৬৫ থেকে ৭০ টাকা, দেশি মুরগির ডিম ৭৫ থেকে ৮০ টাকা, ফার্মের সাদা ডিম ৩৮ থেকে ৪০ টাকা এবং লাল ডিম ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।


কাঁচাবাজারের খুচরা বিক্রেতা আবদুল করিম বলেন, শীতকালীন সবজির সরবরাহ বেশ ভালো থাকায় আমরা কম দামে কিনতে পারছি, তাই ক্রেতাদেরও কম দামে দিতে পারছি। কোনো কারণে দাম কমবেশি হলে সব থেকে বেশি বিপদে আমাদের পড়তে হয় কেননা ক্রেতা আমাদের ওপর রাগ করে। আমরা বেশি টাকায় কিনলে তখন আমাদেরও বেশি দাম দিয়ে বিক্রি করতে হয়। 


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, আমরা যারা মেসে বা হোস্টেলে থাকি, তাদের জন্য খাবারের খরচ সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবজির দাম কমায় প্রতিদিনের তরকারির খরচ কিছুটা কমেছে ঠিকই, কিন্তু ডিম ও মুরগির চড়া দামের কারণে মেসের মিল রেট কমানো সম্ভব হচ্ছে না।