রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজশাহীতে র্যালি, আলোচনা সভা, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। এবারের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি লক্ষ্মীপুর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় প্রতিপাদ্য বিষয়ের ওপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের হেলথ এডুকেশন অফিসার মো. মনিরুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য দেন রাডাস জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাকিব সালাহ আকন্দ। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ডা. লতিফুর রহমান, ডা. আফরিনা শারমিন ও ডা. মো. মনোয়ারুল হক।
রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. তানভীর সুলতান ইউনুস।
আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনারে সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতালের ইনডোর ও আউটডোরের রোগীদের স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়।