ঘুষ ছাড়া মিলে না ড্রাইভিং লাইসেন্স
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর রাজশাহী কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে তীব্র হয়রানি এবং আতঙ্কের নাম হয়ে উঠেছে। সরকারি আইন মেনে পরীক্ষা দেওয়া, নির্ভুল গাড়ি চালানো কিংবা লিখিত পরীক্ষায় সব সঠিক উত্তর দিলেও দালালের মাধ্যমে অগ্রিম ঘুষের টাকা না দিলে প্রার্থীদের ফেল করানোর ঘোরতর অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, ঘুষ ছাড়া মিলে না ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ি ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশনও।
ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড, বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দুর্নীতির এক শক্তিশালী চক্র। প্রতিষ্ঠানটির কতিপয় কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে চলছে এই চক্র।
বায়োমেট্রিক টেস্ট দেওয়ার জন্য অপেক্ষা করছেন রাজশাহী ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। যোগাযোগ না করলে পাশ করা সম্ভব নয় এমন সংশয় থেকে একটি শোরুমের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ১২ হাজার টাকা দিয়েছেন। তার ঠিক সামনেই চিন্তিত মুখে দাঁড়িয়ে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান। সাদমান জানান, গতবার কোনো যোগাযোগ না করেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, ফলে তাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছিল। অথচ প্রশ্নের উত্তর সব ঠিকঠাক দিয়েছিলেন তিনি।
হতাশা প্রকাশ করে সাদমান বলেন, ‘বিআরটিএ এবং পাসপোর্ট অফিস-এই দুই জায়গায় দুর্নীতির কোনো শেষ নেই। মানুষ পড়াশোনা শেষ করে এসে সামান্য ড্রাইভিং পরীক্ষার প্রিলিমিনারি পর্যায়ে এভাবে ইচ্ছাকৃত ফেলের শিকার হলে সাধারণ মানুষ কোথায় যাবে? এদের বিবেক বলতে কিছু নেই।’
একই ধরনের অভিজ্ঞতা ব্যক্ত করেন পবা উপজেলার এক শিক্ষক। লাইসেন্স রিনিউ ও ক্লাস উন্নয়নের জন্য আসা এই শিক্ষক পাশ নিশ্চিত করতে এবং ঝামেলা এড়াতে কর্তৃপক্ষকে প্রায় ৪ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষক বলেন, লাইসেন্স নবায়ন করার সময় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা অতিরিক্ত টেবিলে দিতে হয়। বিআরটিএ-তে ১০ জন অফিসার থাকলে প্রত্যেকের আলাদা দালাল রয়েছে। টেবিল ধরে ধরে ১ হাজার ও ৫০০ টাকা করে ভাগ হয়।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, পদমর্যাদায় সামান্য অফিস সহকারী হলেও প্রশাসনিক ক্ষমতার মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন একজন অফিস সহায়ক, আনসার সদস্যরা। মূলত আনসার সদস্যদের মাধ্যমে এই কাজ করছেন বিআরটিএর কর্মকর্তারা। পদে ছোট হলেও তাদের দাপট ও প্রভাব অসীম; তাদের সম্মতি বা টেবিল ছাড়া কোনো ফাইল প্রসেস হয় না।
আইনি ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রকৌশলীরা নিজেরা সরাসরি নগদ টাকা স্পর্শ করেন না। নিচের কর্মচারীদের মাধ্যমে সংগৃহীত ঘুষের তহবিল প্রতিটি প্রশাসনিক টেবিলে সুনির্দিষ্ট বণ্টন নিয়মে ভাগ হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
পরীক্ষার নামে প্রহসন ও জালিয়াতির মধ্যে রয়েছে টাকা দিলে লিখিত পরীক্ষার সময় প্রশ্নের উত্তর বলে দেওয়া এবং লার্নারে বিশেষ চিহ্ন রাখা। এছাড়া, প্র্যাকটিক্যাল ড্রাইভিং পরীক্ষায় গাড়ি চালাতে না পেরে হেঁটে ঠেলে আনলেও প্রার্থীদের উত্তীর্ণ করা হয় এবং কোনো পরীক্ষায় উপস্থিত না হয়েও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরাসরি লাইসেন্স দেওয়া হয়।
অন্যদিকে বাধ্যতামূলক ড্রাগ টেস্টের নিয়ম টাকার বিনিময়ে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। যানবাহনকে ঘুষের বিনিময়ে ফিটনেস সার্টিফিকেট দেওয়া, মালিকানা পরিবর্তন এবং রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে ফাইল আটকে রেখে গ্রাহকদের দালাল ধরতে বাধ্য করা হয়।
ঘুষের ‘রেটকার্ড’ অনুযায়ী, কার ও মোটরসাইকেলের যৌথ লাইসেন্সের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা, প্রিলিমিনারি ও ভায়ভাতে ফিক্সড পাসের জন্য ৩ হাজার টাকা এবং পরীক্ষা ছাড়া সরাসরি লাইসেন্স বাবদ ৭ হাজার টাকা নেওয়া হচ্ছে। এছাড়া ভারী লাইসেন্স ও রিনিউ প্রসেসে অতিরিক্ত সাড়ে ৩ থেকে ৪ হাজার এবং ফিটনেস ও বায়োমেট্রিক অনুমোদনে গাড়ি ও ব্যক্তিভেদে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এর বাইরে সংক্ষিপ্ত ২-৫ মিনিটের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য মোটরসাইকেলে জনপ্রতি ১০০ এবং কারে ২০০ টাকা অতিরিক্ত নেওয়ারও অভিযোগ রয়েছে।
লাইসেন্স করতে আসা রেদোয়ান আহমেদ বলেন, পরীক্ষা ছাড়া সরাসরি লাইসেন্স দেওয়ার কথা বলে আমার কাছে ৭ হাজার টাকা দাবি করা হয়েছিল। ড্রাগ টেস্ট ছাড়াই টাকা দিলে সব কাজ হয়ে যায়। টাকা না দিলে ফাইল এক ইঞ্চিও নড়ে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চুক্তিভিত্তিক লাইসেন্স গ্রহীতা বলেন, ‘এখানে দালাল ছাড়া কোনো গতি নাই। ৫ হাজার টাকা দিয়েছি। ‘আলী কাকা’ নামের এক অফিস সহকারীর পাওয়ার এখানে সবচেয়ে বেশি।’
রাজশাহী টিটিসির এক ড্রাইভিং প্রশিক্ষক হতাশা প্রকাশ করে বলেন, কিছু করার নেই। টাকা না দিলে ফেল করিয়ে দেবে, কী করবেন? এখানে নেতা-কর্মকর্তা সবাই জড়িত। বাধ্য হয়ে ঝামেলা এড়াতে টাকা দিয়ে কাজ সারতে হয়।
এ বিষয়ে বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক শাহজামান হক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। তবে অধিকাংশ সেবা অনলাইন-ভিত্তিক হওয়ায় অফিসে এসে ফাইল ঘোরানোর প্রয়োজন নেই। তাছাড়া লাইসেন্স রিনিউ সংক্রান্ত অতিরিক্ত টাকা দাবির অভিযোগটি সম্পূর্ণ ভুয়া, কেননা রিনিউ বর্তমানে অনলাইনে করা হচ্ছে।
টাকা না দিলে ফেল করানোর বিষয়ে তিনি বলেন, খাতায় যদি পাশ থাকে কেউ ফেল করাবে না। তবে ফেল করা কাউকে পাশ করানোর সুযোগ থাকে, সেটা যে একদম কেউ করে না তাও বলছি না, ১৯-২০ থাকতে পারে।
নিজের ও অধীনস্থ কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, আমি তো আমার নিজের বিষয়ে ক্লিয়ারেন্স দিতে পারব, কিন্তু আমার সব স্টাফের বিষয়ে তো আমি দিতে পারব না। কারণ সবার পেছনে তো আমি থাকি না।