নগরীতে নারীর জন্য নিরাপদ শৌচাগার
এই মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি
রাজশাহীকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ রয়েছে। ঝকঝকে সড়ক, পরিচ্ছন্ন ফুটপাত কিংবা পদ্মার নির্মল বাতাস নগরীর সৌন্দর্য বাড়ালেও নাগরিক জীবনের একটি মৌলিক সংকট আড়ালেই থেকে যাচ্ছে। সেটি হলো পর্যাপ্ত ও ব্যবহার উপযোগী গণশৌচাগারের অভাব। বিশেষ করে নারীদের জন্য এই সংকট ভয়াবহ। প্রতিদিন শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া হাজারো নারীকে শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে পড়তে হয় চরম বিড়ম্বনায়। একটি আধুনিক নগরীতে নারীদের এমন দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
রাজশাহী নগরীতে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের বসবাস। অথচ পুরো নগরীতে পাবলিক শৌচাগার রয়েছে মাত্র ১৬টি, যেখানে প্রয়োজন অন্তত ৬০টি। এর মধ্যে অনেক শৌচাগার আবার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী। ফলে বিশেষ করে সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুর, ভদ্রা, তালাইমারী, বিনোদপুর, নওদাপাড়া ও রেলগেটের মতো ব্যস্ত এলাকায় কেনাকাটা কিংবা অন্যান্য কাজে আসা নারীদের পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। অনেককে দোকান বা রেস্তোরাঁয় গিয়ে অনুমতি চাইতে হয়, কেউ কেউ প্রয়োজন চেপে রেখে বাড়ি ফেরেন। প্রশ্ন হচ্ছে, একটি নগরীতে নারীদের জন্য ন্যূনতম এই নাগরিক সুবিধাটুকু নিশ্চিত করা যাবে না কেন?
এ সংকট কেবল সাময়িক অস্বস্তি কিংবা ভোগান্তির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নারীদের স্বাস্থ্যঝুঁকিও। শৌচাগার না পাওয়ার আশঙ্কায় অনেক নারী ইচ্ছাকৃতভাবে পানি পান কমিয়ে দেন। কেউ কেউ দীর্ঘ সময় প্রস্রাবের চাপ আটকে রাখেন। এর ফলে মূত্রনালির সংক্রমণ, পানিশূন্যতা, কোষ্ঠকাঠিন্য এবং কিডনিসংক্রান্ত জটিলতার ঝুঁকি বাড়তে পারে। শিক্ষার্থী, কর্মজীবী নারী ও দীর্ঘ সময় বাইরে অবস্থান করা নারীদের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক। একজন নারীকে বাইরে বের হওয়ার আগে শৌচাগারের কথা ভেবে পানি পান নিয়ন্ত্রণ করতে হবে—এটি কোনো সভ্য ও মানবিক নগরব্যবস্থার পরিচয় হতে পারে না।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নতুন করে ১০টি গণশৌচাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে চারটি শুধু নারীদের জন্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক এবং সময়োপযোগী সিদ্ধান্ত। কিন্তু পরিকল্পনা ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয় না। প্রশাসক নিজেই স্বীকার করেছেন, শৌচাগার নির্মাণের জন্য উপযুক্ত জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। জায়গার সংকট থাকলেও নাগরিকদের মৌলিক প্রয়োজন উপেক্ষা করার সুযোগ নেই। প্রয়োজনে সরকারি জমি চিহ্নিত করা, অব্যবহৃত জায়গা কাজে লাগানো কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত জায়গা বের করতে হবে।
একই সঙ্গে শৌচাগার নির্মাণের ক্ষেত্রে শুধু সংখ্যা বাড়ানোর দিকে নজর দিলেই চলবে না। নারীদের জন্য পৃথক, নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত আলো, নিরাপত্তা এবং সহজে প্রবেশের সুবিধা নিশ্চিত করতে হবে। ব্যস্ত বাণিজ্যিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে প্রয়োজন বিবেচনায় শৌচাগার স্থাপন করতে হবে। নির্মাণের পর সেগুলো দেখভালের জন্য কার্যকর ব্যবস্থাপনাও গড়ে তুলতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা কিংবা রক্ষণাবেক্ষণে অবহেলার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নারীদের এই মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার দায় সিটি করপোরেশন কোনোভাবেই এড়াতে পারে না।