শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় আশার আলো

সোনার দেশ ১২ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১২ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় আশার আলো

খাল-পুকুর পুনঃখনন ও বৃষ্টির পানি সংরক্ষণে বদলাচ্ছে চিত্র

বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় সরকারের ৭০০ কিলোমিটার খাল ও ৬০০টি পুকুর পুনঃখননের উদ্যোগ আশাব্যঞ্জক। ইতোমধ্যে ১৪৩ কিলোমিটার খাল ও ২৫০টি পুকুর পুনঃখনন করা হয়েছে। এতে একদিকে সেচের পানির নতুন উৎস তৈরি হচ্ছে, অন্যদিকে কমছে কৃষকের উৎপাদন খরচ, বাড়ছে ফসলের ফলন। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণের উদ্যোগও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।


রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকায় পিকেএসএফের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় বাড়ির ছাদ ও পুকুরে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে ১ হাজার ৬০০ বাড়িতে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০ বাড়ি ও ৪০টি পুকুরে ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২ লাখ ১৫ হাজার মানুষ সারা বছর পানি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


এ উদ্যোগের সুফল কৃষিতেও দেখা যাচ্ছে। পুনঃখনন করা খাল ও পুকুরে জমা পানি সেচের কাজে ব্যবহার করছেন কৃষকেরা। পাশাপাশি আধুনিক সেচপদ্ধতি ও পানির ব্যবহার নিয়ন্ত্রণের কৌশল শেখানো হচ্ছে। কোথাও কোথাও পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ কমিয়েও ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। একজন কৃষকের একই জমিতে ধানের উৎপাদন ১৮০ মণ থেকে বেড়ে ২০০ মণে পৌঁছানোর ঘটনাও এ উদ্যোগের কার্যকারিতা তুলে ধরে। অর্থাৎ পানি সাশ্রয় করেও যে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব, তার বাস্তব উদাহরণ তৈরি হচ্ছে বরেন্দ্র অঞ্চলে।


পানি সংরক্ষণের পাশাপাশি সবুজায়নেও নেওয়া হয়েছে উদ্যোগ। তিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রায় ১০ লাখ ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। এসব উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হতে পারে।


বরেন্দ্র অঞ্চলের পানির সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা ও বিস্তৃতি জরুরি। খাল-পুকুর পুনঃখননের পাশাপাশি প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, বৃষ্টির পানি ধরে রাখা এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে হবে। কৃষকদের কম পানিনির্ভর ফসল চাষে উৎসাহিত করার পাশাপাশি সাশ্রয়ী সেচপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে যে ইতিবাচক উদ্যোগ শুরু হয়েছে, তা আশার সঞ্চার করেছে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত ও রক্ষণাবেক্ষণ করা গেলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আসবে। সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিরাপদ উৎস নিশ্চিত করতে এখন থেকেই পানি সংরক্ষণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।