নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলের মামলায় গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিমতলী এলাকার মো. কামালের ছেলে মো. ইশরাক (৩২) ও মো. মাজেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৮)।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় লোকজন ও মামলার বাদী মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে বাদী পুলিশকে বিষয়টি জানাতে চাইলে অভিযুক্তরা তাঁকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার তদন্তে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও গোপন তথ্যের ভিত্তিতে ইশরাক ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।